তারিক আল মুরশিদ গাজীপুর থেকে :
গাজীপুরে এই প্রথম সনাতন ধর্মাবলম্বী নারীদের প্রকাশ্যে রাজপথে নেমে ধানের শীষের পক্ষে ভোট চাইতে দেখা গেছে। টঙ্গী পূর্ব, পশ্চিম ও গাছা থানার হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সমন্বয় কমিটির উদ্যোগে এ গন মিছিল অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে টঙ্গীর আশরাফ সেতু এলাকা থেকে গন মিছিলটি শুরু হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় আশরাফ সেতু মার্কেট এলাকায় এসে শেষ হয়।
গন মিছিলের নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব, পশ্চিম ও গাছা থানার হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক এবং গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসিমউদদীন ভাট।
মিছিলে অংশগ্রহণকারী সনাতন ধর্মাবলম্বী নারীরা প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তারা বলেন, শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তারা রাজপথে নেমেছেন।
গন মিছিল চলাকালে ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।