
মিজানুর রহমান , গাইবান্ধা প্রতিনিধি :
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বইতে শুরু করেছে আগাম নির্বাচনী হাওয়া। তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে গণসংযোগ, মতবিনিময় ও প্রচারণা শুরু করায় সাধারণ ভোটারদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও কৌতূহল। বিশেষ করে শিক্ষিত ও তরুণ প্রার্থীদের সক্রিয় উপস্থিতি নির্বাচনী পরিবেশকে করে তুলেছে প্রাণবন্ত।
উপজেলার ৮ নম্বর নাকাই ইউনিয়নে ইতোমধ্যেই নির্বাচনী তৎপরতা চোখে পড়ার মতো। এই ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক রায়হান মন্ডল নিয়মিত হাট-বাজার, চায়ের দোকান ও বিভিন্ন জনসমাগমস্থলে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। তিনি এলাকার শিক্ষা, অবকাঠামো ও সামাজিক উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরে ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করছেন।
একই ইউনিয়নে তরুণ ও উদীয়মান চেয়ারম্যান প্রার্থী মোঃ জাহিদুর রহমান সজল-ও মাঠে সক্রিয় রয়েছেন। তার আধুনিক ও সাবলীল জনসংযোগ পদ্ধতি ইতোমধ্যেই স্থানীয়দের নজর কাড়ছে।
অন্যদিকে আরেক তরুণ প্রার্থী মোঃ বিপ্লব প্রধান-এর পক্ষেও এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চলছে। তরুণ এই প্রার্থীদের সরব উপস্থিতিতে নাকাই ইউনিয়নের নির্বাচনী পরিবেশ এখন বেশ প্রাণচঞ্চল।
অন্যদিকে ৯ নম্বর হরিরামপুর ইউনিয়নেও দেখা যাচ্ছে তরুণ নেতৃত্বের জোয়ার। এখানে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে তরুণ আইনজীবী অ্যাডভোকেট আবু শাহীন দিনরাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন এবং নির্বাচিত হলে তা বাস্তবায়নের আশ্বাস দিচ্ছেন। দলীয় সমর্থন ও তারুণ্যের সমন্বয়ে তার প্রার্থিতা নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
এদিকে উপজেলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ও নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ শরীফুল ইসলাম শরীফ আকন্দ-কেও উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করতে দেখা যাচ্ছে। তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং স্থানীয় সমস্যা সমাধানে নিজের পরিকল্পনার কথা ভোটারদের সামনে তুলে ধরছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, নির্বাচন সামনে রেখে তরুণ ও শিক্ষিত প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ এলাকায় একটি সুস্থ ও প্রতিযোগিতামূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করছে। দলীয় মনোনয়ন ও তরুণ নেতৃত্বের উপস্থিতিতে ভোটারদের মধ্যে এখন থেকেই শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। ফলে তফসিল ঘোষণার আগেই গোবিন্দগঞ্জের ইউনিয়নগুলোতে নির্বাচনী আমেজ স্পষ্ট হয়ে উঠেছে।