মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর রুকন ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোঃ রেজাউল করিম (জিহাদী) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার(১৯ মার্চ) সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মানিকদিপা উত্তর পাড়ার নাজমুল হাসান জানান, সকালবেলা তিনি শ্রমিক আনার উদ্দেশ্যে আড়িয়া বাজারে যান। এ সময় মহাসড়ক পারাপারের সময় করতোয়া গেটলক পরিবহনের একটি বাস রেজাউল করিমকে জোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই তার কান দিয়ে রক্তপাত শুরু হয়।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়ার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
মাওলানা রেজাউল করিমের আকস্মিক মৃত্যুতে আড়িয়া ইউনিয়নসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ধর্মীয় ও সামাজিক মহলের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
মরহুমের জানাজা নামাজ আজ বিকাল ৩টায় শাজাহানপুর উপজেলার মানিকদিপা ফকিরপাড়া এলাকায় অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।