
গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া জেলার গাবতলী উপজেলা মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা গ্রামে সেচ পাম্প ঘরের পাশের ধানক্ষেত থেকে আব্দুল লতিফ আকন্দ নামের এক বৃদ্ধ কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত আব্দুল লতিফের শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
২৯ মার্চ রবিবার সকালে গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা গ্রামের হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফ আকন্দ (৬৫) নিশিন্দারা গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি প্রতিদিনের মতো শনিবার রাতে খাবার শেষে সেচ পাম্প ঘরে ঘুমাতে যান।
পরিবারের সদস্যরা সকালে তাঁকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে সেচ পাম্প ঘরের পাশের ধানক্ষেতে তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে গাবতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মৃতদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সারিয়াকান্দি-গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ জানায়, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।