
মিজানুর রহমান,গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোঃ শামীম কাওসার লিংকন। শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটে পৌর শহরের ঝিলপাড়স্থ নওরোজ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনুর সভাপতিত্বে এবং জাতীয় সাংবাদিক সংস্থার সহকারী মহাসচিব সাজাদূর রহমান সাজুর সঞ্চালনায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত নবনির্বাচিত গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য মোঃ শামীম কাওসার লিংকন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সদস্য ও গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফারুক কবির আহম্মেদ, গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি হাসানুর রহমান চৌধুরী ডিউক।
মতবিনিময় সভায় নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ শামীম কাওসার লিংকন গোবিন্দগঞ্জের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গোবিন্দগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি সাংবাদিকদের পরামর্শ ও সমর্থন প্রত্যাশা করেন।
এ সময় উপস্থিত সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। সভায় স্থানীয় প্রেস ক্লাব ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জনস্বার্থে ও এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।