
মিজানুর রহমান, গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে র্যাব-১৩ এর যৌথ অভিযানে ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭২ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) র্যাব-১৩ এর সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্প এবং সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার আওতাধীন দিনাজপুর-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের ডান পকেট থেকে নীল রঙের দুটি এয়ারটাইট পলিপ্যাকেটে রাখা ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ৭২ হাজার টাকাও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ঝালকাঠি জেলার রাজাপুর থানার আরুয়া সোনাগাঁও এলাকার মোঃ মহারাজ মীর (৪৫) এবং দিনাজপুর জেলার কোতয়ালী থানার মাসিমপুর এলাকার মোঃ সাহাদত হোসেন (৩৬)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে গাইবান্ধা ও দিনাজপুরসহ বিভিন্ন স্থানে কৌশলে সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মোজাম্মেল হক জানান, আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
র্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।