মিজানুর রহমান, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিপ্লবী জননেতা কমরেড আব্দুল মতিন তালুকদারের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। “দুনিয়ার মজদুর এক হও” এই বৈপ্লবিক স্লোগানকে সামনে রেখে শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা বাসদ শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভা শুরুর আগে মহান এই বিপ্লবীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃবৃন্দ।
বাসদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিক-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালা মানিক দেব-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড হারুনার রশীদ ভূইয়া।
প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন, কমরেড আব্দুল মতিন তালুকদার শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি ছিলেন আদর্শবাদী ও ত্যাগী এক বিপ্লবী। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে মেহনতি মানুষের অধিকার আদায়ের প্রতিটি আন্দোলনে তিনি সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন। তাঁর স্বপ্ন ছিল একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা—যা বাস্তবায়নের দায়িত্ব এখন আমাদের সবার।
সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড শওকত হোসেন আহমেদ, কমরেড আবুল কালাম আজাদ বাবুল এবং কমরেড সামসুল আলম জুলফিকার।
এছাড়া বক্তব্য দেন উপজেলা জেএসডি সভাপতি আয়ুব হোসেন সরকার, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এম. মতিন মোল্লা, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক আল মামুন মোবারক, বাসদের কেন্দ্রীয় নেতা কমরেড সন্তোষ গুপ্তসহ বিভিন্ন বাম-প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটময় পরিস্থিতিতে বামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই। কমরেড আব্দুল মতিন তালুকদারের অসমাপ্ত সমাজতান্ত্রিক সংগ্রামকে সফল করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা।
স্মরণসভায় স্থানীয় বাসদ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শেষে মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে সক্রিয় থাকার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।