
নিজস্ব প্রতিবেদক:
শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। সারা দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী এবার এই পরীক্ষায় অংশ নিচ্ছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় সারা দেশে একযোগে এ পরীক্ষা শুরু হয়েছে।
পরীক্ষা শুরুর আগেই সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভিড় করতে দেখা যায় শিক্ষার্থীদের। নিয়ম অনুযায়ী সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্র প্রাঙ্গণে প্রবেশের অনুমতি থাকলেও, সাড়ে ৯টা থেকে পরীক্ষার্থীরা আসন গ্রহণ করে পরীক্ষা কক্ষে প্রবেশ করেন। নির্ধারিত সময়েই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হয়।
এ বছর বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়েই শুরু হলো লিখিত পরীক্ষা। পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে নির্ধারিত সূচি অনুযায়ী।
পরীক্ষাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রগুলোতে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত কঠোর নজরদারি চালানো হচ্ছে।
শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে শেষ হবে এবারের এসএসসি পরীক্ষা।
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তথ্য সংগ্রহে জানা যায়,
শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭০২ জন। আজ বাংলা ১ম পত্র পরীক্ষায় মোট উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৬৯৮ জন, অনুপস্থিত রয়েছে ০৪ জন। শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে উপজেলার ১১ টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে বলে তথ্য নিশ্চিত করেছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো: তাজুল ইসলাম।
কেন্দ্র ঘুরে দেখা গেছে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুস্থ ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।